কুমিল্লায় নিরাপদ পানির নিশ্চয়তায় ওয়াসা গঠনের সিদ্ধান্ত
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও নিরাপদ পানির চাহিদা মেটাতে সরকার 'কুমিল্লা ওয়াসা' (ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (১৩মে) স্থানীয় সরকার বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি কার্যক্রম দ্রুত সচল করতে ঢাকা ওয়াসা থেকে একজন অভিজ্ঞ প্রকৌশলীকে ডেপুটেশনে এনে কুমিল্লা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার সচিব শহিদুল হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মত প্রকাশ করেন যে, কুমিল্লার ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের ফলে আধুনিক ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা এখন সময়ের দাবি। শহরবাসীর প্রত্যাশা, ওয়াসা চালু হলে তারা উন্নত ও নিরাপদ পানি সেবা পাবেন। সভা শেষে মনিরুল হক চৌধুরী জানান, কুমিল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন সমস্যা এবং সুপেয় পানির সংকট নিরসনেই এই সংস্থাটি অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত এমডি নিয়োগের মাধ্যমে এর দাপ্তরিক কাজ শুরু হবে এবং বিশেষ বরাদ্দের বিষয়েও জরুরি আলোচনা চলছে। তিনি আরও উল্লেখ করেন যে, চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত সারফেস ওয়াটার সরবরাহ প্রকল্প চালু হলে কুমিল্লা ওয়াসাও সেখান থেকে পানি সরবরাহের সুবিধা পাবে, যা নগরীর পানির সংকট অনেকটাই কমিয়ে আনবে।



